শিবচরে ‘শিফট’ নির্মাণ কাজ শুরু
বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের মাধ্যমে মাদারীপুর জেলার শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নে শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ‘শেখ হাসিনা ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি (SHIFT)’ প্রকল্পের নির্মাণ কাজ। সকালে আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজ শুরুর সঙ্গে স্থানীয় দানেশ মাতবরের ছেলে ওমর ফারুক ও নাসির উদ্দিন মাতবরের হাতে জমি কেনার চেক হস্তান্তরের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ব্যক্তির মধ্যে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ করা হয় নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে। জানানো হয়, এই মাসের মধ্যেই চেক হাতে পাবেন বাকি ক্ষতিগ্রস্তরা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন সক্ষম থাকবেন তার নেত্বেত্বে দেশ পরিচালিত হলে বাংলাদেশ উন্নত বাংলাদেশ হবে উল্লেখ করে অনুষ্ঠানে প্রধান অতিথি চিফ হুইপ নূর ই আলম চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু কন্যাকে ধারাবাহিকভাবে তিনবার প্রধানমন্ত্রী করার কারণে এবং ছয় ছয় বার ধারাবাহিক ভাবে আমাকে নির্বাচিত করায় আজকে শিবচরের মানুষ উন্নয়নের ধারা দেখতে পেরেছে। তারা সুফল পাচ্ছে। পদ্মাসেতুর পর আজকে এখানে যে ফ্রন্টিয়ার টেকনোলজি পার্ক যখন হবে তখন আমাদের ছেলেমেয়েরা পড়ার সুযোগ পাবে না। কিন্তু ভবিষ্যত প্রজন্ম আন্তর্জাতিক মানের পড়ার সুযোগ পাবে। প্রধানমন্ত্রী শিবচরের মাটিতেই আপনাদের ছেলেমেয়েদের ভবিষ্যত তৈরি করে দিয়েছেন। তাই আপনারা আপনাদের সন্তানদে আধুনিক ও স্মার্ট শিক্ষায় শিক্ষিত করবেন।
সভাপতির বক্তব্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বাংলাদেশের ভবিষ্যত প্রজন্মকে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তুলতে বাংলাদেশের প্রথম গবেষণা প্রতিষ্ঠান হিসেবে মাদারীপুরের শিবচরে শিফট নির্মাণ কার শুরু করা হলো। আশা করা যায়, উন্নত আধুনিক জীবন দানে শিফট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর মাধ্যমে বাংলাদেশের সবচেয়ে স্মার্ট ও মডেল উপজেলা হবে শিবচর। এখান থেকে ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশে নেতৃত্ব দেয়ার মতো ছেলেমেয়ে তৈরি হবে। শত শত বছর ধরে যেভাবে অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড, এমআইটি থেকে বিজ্ঞানী, প্রযুক্তিবিদ জন্ম হয়েছে; ৭০ বছর ধরে অকৃত্রিম বন্ধু রাষ্ট্র ভারতে আইআইটি থেকে পড়াশোনা করে সুন্দর পিচাই গুগল সিইও হয়েছে তেমনি সারা বিশ্বে নেতৃত্ব দেয়ার মতো ভবিষ্যত বিজ্ঞানী ও প্রযুক্তিবিদ মেধাবী ছেলেমেয়েরা এখান থেকে তৈরি হবে।

এছাড়াও অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইসিটি বিভাগের সচিব মোঃ সামসুল আরেফিন, হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জিএসএম জাফরুল্লাহ, শিফট প্রকল্প পরিচালক জহুরুল ইসলাম, মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মাদ মারুফুর রশিদ খান, পুলিশ সুপার মোঃ মাসুদুল আলম এবং জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী।
বক্তব্যে বিশ্বজুড়ে চলমান চতুর্থ শিল্পবিপ্লবে সঠিক সময়ে সঠিক ভাবে নিজেদের মতো ব্যবহারের আহ্বান জানান আইসিটি সচিব মোঃ সামসুল আরেফিন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর উদ্যোগে নির্মাণ শুরু হওয়া শিফট শিবচর ও মাদারীপুরবাসীর জন্য সৌভাগ্যের। আশা করি, শিফটও একসময় আমেরিকার এমআইটি হয়ে উঠবে। মাদারিপুর একসময় সিঙ্গাপুর-কে ছাড়িয়ে যাবে। মাদারীপুরবাসী হিসেবে আমি চেষ্টা করবো, অচিরেই এখানে একটি আন্তর্জাতিক বিমান বন্দর হবে। স্থাপন করা হবে মেডিকেল বিশ্ববিদ্যালয়।
স্বাগত বক্তব্যে জিএসএম জাফরুল্লাহ বলেন, দেশের সেবা দেয়ার ব্রত নিয়ে ৭০ একর জমির ওপর স্থাপিত শিফট থেকে প্রতিবছর এক হাজার শিক্ষিত জনগোষ্ঠী কর্মক্ষেত্রে প্রবেশ করবে। ২০৪১ সালের স্মার্ট নেতৃত্ব তৈরিতে শিফট বিশাল ভূমিকা রাখবে। তাই যারা এখানে আজ জমি দিয়েছেন ৫-১০ বছর পর পদ্মসেতুর মতো গর্ব করতে পারবেন এটা আমার জমি ছিলো বলে।
এর আগে গত বছর ৩১ জুলাই পদ্মা সেতুর শিবচর অংশে শেখ হাসিনা ইনষ্টিটিউট অফ ফ্রন্টিয়ার টেকনোলজির (শিফট) ৭০.৩৪ একর জমি অধিগ্রহণ করে ১৫ শ কোটি টাকার প্রকল্পটির ভিত্তিপ্রস্তর করেন চিফ হুইপ। তখন জানানো হয়েছিলো ডিসেম্বর ২০২৬ সাল নাগাদ এই প্রকল্প বাস্তবায়িত হবে।







